আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ কামনা করেছে বিসিবি

7

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির বোর্ড সভায় ভেন্যু পরিবর্তনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পরও হাল ছাড়েনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবার নিজেদের দাবি আদায়ে শেষ আইনি অস্ত্র হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) হস্তক্ষেপ কামনা করেছে বিসিবি।

- Advertisement -

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেন্যু পরিবর্তনের অনুরোধটি ডিআরসিতে পাঠানোর জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে ভারতের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি বা ডিআরসি মূলত একটি স্বাধীন সালিশি সংস্থা। স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত এই প্যানেল আইসিসি, সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সৃষ্ট জটিল বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত আইসিসির অভ্যন্তরীণ সব আলোচনা বা প্রক্রিয়া ব্যর্থ হলে শেষ ভরসা হিসেবে এই কমিটির দ্বারস্থ হওয়া যায়। বিসিবির আশা, তাদের নিরাপত্তা উদ্বেগের যৌক্তিকতা বিচার করে ডিআরসি নিরপেক্ষ রায় দেবে।

এর আগে গত বুধবার আইসিসির বোর্ড সভায় বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব ১৪-২ ভোটে প্রত্যাখ্যান করা হয়। একই সঙ্গে, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে কি না সে বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

তবে আইসিসির এই কঠোর অবস্থানের পরও দমে যায়নি বিসিবি। বৃহস্পতিবার  বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

You might also like