অবশেষে অবস্থান বদলেছে পাকিস্তান ক্রিকেট দল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত ম্যাচে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে গত প্রায় দশ দিন ধরে যে অচলাবস্থা চলছিল তার অবসান হয়েছে।
ক্রিকেট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকের সঙ্গে কথাও বলেছেন।
শ্রীলঙ্কার কলম্বোতে আগামী ১৫ই ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ।
সোমবার সন্ধ্যায় প্রায় একই সময়ে পাকিস্তান সরকার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে আলাদা বিবৃতি দিলে ক্রিকট ভক্তদের মাঝে স্বস্থি নেমে আসে। বিবৃতিতে জানানো হয়, টুর্নামেন্টের বাণিজ্যিক দিকসহ অন্যান্য দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ম্যাচ বর্জন না করার অনুরোধ জানিয়েছিল। তারা জানিয়েছে, এই ম্যাচ না হলে অন্যান্য দেশও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
