দেশের পিছিয়ে পড়া ক্রীড়া ফেডারেশন এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের পাশে দাঁড়াতে দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামো ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান সময়ে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তৃণমূল পর্যায় থেকে খেলাধুলাকে এগিয়ে নিতে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মন্ত্রণালয় এবং কর্পোরেট হাউজগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে দেশের ক্রীড়াঙ্গন বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী খেলার মাঠ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ঢাকার প্রায় ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি দুটি ওয়ার্ডের মাঝে ২-৩ বিঘা জমি অধিগ্রহণ করে একটি করে নতুন মাঠ তৈরি করা হবে। এই মাঠগুলোতে বয়স্ক ও প্রবীণদের হাঁটার জন্য ‘ওয়াক ওয়ে’ (Walk Way) তৈরি করা হবে।
