ঘটনার পেছনে আছে গত অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ। গত আগস্টে মায়ামিভিত্তিক প্রতিষ্ঠান ভিআইডি এই দুটি ম্যাচ আয়োজনের একক স্বত্ব কিনে নেয় ৭০ লাখ ডলারে। চুক্তির শর্ত ছিল, চোট না থাকলে মেসি প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকবেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বকাপের আগে নতুন এক ঝামেলায় জড়িয়ে গেলেন লিওনেল মেসি, জড়িয়ে গেল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মেসি ও এএফএর বিরুদ্ধে। মামলাটি করেছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা সাধারণত খেলাধুলা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আমেরিকান সংবাদমাধ্যম টিএমজেড আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

লিওনেল মেসির বিরুদ্ধে করা মামলায় আরও একটি অভিযোগ আছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, যার ধারণক্ষমতা ৬১ হাজার ৫০০। কিন্তু শেষমেশ সেটি সরিয়ে নেওয়া হয় ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে, যেটির ধারণক্ষমতা মাত্র ২১ হাজার ৫৫০। ভিআইডির দাবি, এতে তাদের ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে।
