রাত পোহালেই মমতার টিকে থাকার ভোটযুদ্ধের শুরু
পশ্চিমবঙ্গের প্রথম দফা নির্বাচনে ১৫২ টি আসনে ভোট দেবেন সাড়ে তিন কোটিরও বেশি ভোটার
রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট । রাজ্যের মোট ২৯৪ টি আসনের মধ্যে প্রথম দফায় নির্বাচন হচ্ছে ১৫২ টি আসনে। এবারের ভোট অন্যান্যবারের থেকে অনেকটাই আলাদা। ২০০১ সালে এক দফায় ভোট হওয়ার পর, এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। এবারের পশ্চিমবঙ্গের ভোটে মুখোমুখি দুই ক্ষমতাসীন রাজনৈতিক দল। কেন্দ্রে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা দল-বিজেপি আর রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস । আসলে আগামীকাল পশ্চিমবঙ্গের রাজ্যবিধান সভার নির্বাচনের মধ্য দিয়ে মূলত মূখ্যমন্ত্রী মমতা ব্যাণাজীর্ অগ্নিপরীক্ষা শুরু । ভোটে জিতে তিনি ক্ষমতা থাকবেন নাকি ক্ষমতা হারাবেন ,এবার সে প্রশ্নই বড় করে সামনে আসছে।

প্রথম দফা নির্বাচনে উত্তরবঙ্গের: কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা,দক্ষিণবঙ্গের: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলার বেশ কিছু আসনে মিলিয়ে ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

প্রথম দফার ১৫২ টি আসনে ভোটে লড়ছেন মোট ১,৪৭৮ জন প্রার্থী। তবে কোচবিহার দক্ষিণ এবং ইটাহার এই দু’টি আসনে ভোটে লড়ছেন সবচেয়ে বেশি প্রার্থী। দু’টি আসনের প্রতিটিতে প্রার্থী সংখ্যা ১৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দফায় নির্বাচনে ভোট দেবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন মানুষ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৬৫ জন । এই আসনগুলোতে এসআইআর শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৯৮ লক্ষ ১৪ হাজার ৮০১। পরিসংখ্যান অনুসারে এই আসনগুলি থেকে ৩৭ লক্ষ ৩৭ হাজার ৬৩০ মানুষের নাম বাদ গিয়েছে।
প্রথম দফায় নির্বাচনে মোট বুথের সংখ্যা ৪৪,৩৭৬টি (৩০০০ সহায়ক বুথসহ)। যার মধ্যে মহিলা পরিচালিত বুথ ৫,৪৪৪টি। হিংসা মুক্ত, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে নির্বাচন কমিশন প্রতিটি বুথে ৪ জন করে ভোটকর্মী (একজন প্রিসাইডিং অফিসার ও তিনজন পোলিং অফিসার) রাখছেন । প্রায় ১.৭৭ লক্ষের বেশি পোলিং কর্মী সরাসরি বুথে কাজ করবেন। এছাড়া সেক্টর অফিসার, পুলিশ কর্মী ও নিরাপত্তা কর্মীরাও দায়িত্বে রয়েছেন। প্রথম দফায় ২ হাজার ৪০৭ কোম্পানি অর্থাৎ ২ লক্ষ ৪০ হাজার ৭০০ জন সেনা কর্মী মোতায়েন থাকছে। এছাড়াও থাকছে ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মী ।
