ঘরের মেয়ে মমতা না শুভেন্দু , কাকে আপন করবে ভবানীপুর ?
ভবানীপুরের ভোটাররা মমতা- শুভেন্দুর লড়াইকে তুলনা করছেন ভারত - পাকিস্তানের হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচের সঙ্গে
ঘরের মেয়ে মমতা নাকি বহিরাগত শুভেন্দু ! পরিবর্তনের হাওয়ায় পশ্চিমবঙ্গের সব থেকে নজরকাড়া বিধানসভা কেন্দ্র ভবানীপুর তাকে বেছে নেবে। সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ভবানীপুরের ভোটাররা অনেকেই মমতা- শুভেন্দুর লড়াইকে তুলনা করছেন ভারত – পাকিস্তানের হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ কিংবা ক্লাসিক ডার্বির লড়াইয়ের সঙ্গে।

২০২১ সালের বিধানসভায় নন্দীগ্রামে শুভেন্দুর মুখোমুখি হয়েছিলেন মমতা। ঘটে অঘটন! নিজের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল জয় পেলেও নন্দীগ্রামে হেরে যান মমতা। এরপর নিজের এলাকা ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রীত্ব টিকিয়ে রাখেন মমতা। এরপর ৫ বছরে ভবানীপুরের আদিগঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে। এবার ২০২৬, মমতার গড় ভবানীপুরেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু। মমতা – শুভেন্দু ডুয়েল ২.০ দেখছে এখন রাজ্যবাসী।

ভবানীপুরের ভোটারদের মন জয় করতে বিজেপির ইফতারের বাইরে পৃথক ইশতেহার ঘোষণা করেছেন শুভেন্দু। লোকসভা ভোটেও ভবানীপুরে দুটি পৌরসভা ওয়ার্ডে লিড নিয়ে চমক দেখিয়েছে বিজেপি। কিন্তু ভবানীপুরের ভোটারদের মন কার দিকে ? জোড়া ফুলে পাল্লা ভারী না পদ্মে ?
কি বলছে ভবানীপুরের ভোটাররা …
ভোটার বিন্যাসে ভবানীপুর কে বলা হয় মিনি ভারতবর্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ধরাবাধা ভোট হিসেবে মুসলিম ভোটব্যাংক কে দেখা হয় সেই মুসলিম ভোট ভবানীপুরে প্রায় ২৪ শতাংশ। বাকি ৭৬ শতাংশের মধ্যে আবার শিখ, খ্রিস্টান, হিন্দু দের ভোট। হিন্দুদের মধ্যে আবার মাড়োয়ারি, গুজরাটি দের ভোট বেশ অনেকটাই। বলা ভালো অমুসলিম প্রায় ৭৬ শতাংশ ভোটারদের মধ্যে ৪২ শতাংশ বাংলাভাষী বাঙালি বাকি ৩৪ শতাংশ অন্যান্য ভাষাভাষী অবাঙালি ভোটার। অবাঙালি এই ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব অত্যন্ত বেশি। ফলে দেশ জাতি বা ধর্মের নিরীখে যদি ভবানীপুরের ভোটকে ভাগ করা হয় তবে কোন দলইকে খুব বেশি এগিয়ে আছে এটা বলা যাবে না।
মিশ্র জনবিন্যাস, মন্দির মসজিদ গুরুদেওরায় নানা ভাষা নানা মত পাশাপাশি। বনেদিয়ানার পাশাপাশি আছে আনঅভিজাত্যের অপেরা। বৈচিত্র্যের ভবানীপুর এবার রাজনৈতিক বৈচিত্র্যের সন্ধিক্ষনে। মমতা বনাম শুভেন্দুর বাইনারিতে অন্যান্য দলের প্রার্থীরা কার্যত ফিকে হয়ে গিয়েছেন। দেড় দশকের মমতা সরকারের স্থিতাবস্থা কী প্রার্থী মমতার ঘরে শিধ কাটবে ? নাকি নিছক বয়ান। ভবানীপুরের মনের কথায় লুকিয়ে আছে দুই রকমের প্রশ্নই।
