বগুড়ায় অনিয়মের অভিযোগ , শেরপুরে জামায়াত প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
দুটি সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহন চলছে
একটি দলীয় সরকারের অধীনে বগুড়া ও শেরপুরে দুটি সংসদীয় আসনের উপনির্বাচনের ভোট গ্রহন চলার সময়ই একটিতে অনিয়ম এবং অপরটিতে ভোট বর্জনের ঘটনা ঘটেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলেও নানারকম অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে পোলিং এজেন্টদের কাছ থেকে আগাম স্বাক্ষর করা ফলাফল সিট পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের নগণ্য উপস্থিতি লক্ষ্য করা গেলেও ভেতরের প্রশাসনিক কার্যক্রমে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেন জামায়াতের প্রার্থী। বিশেষ করে মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল সিটে আগে থেকে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রার্থী, ভোটার এবং সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, মালতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের কাছ থেকে ফলাফল সিট অর্থাৎ ফরম ১৬-তে আগাম স্বাক্ষর গ্রহণ করছিলেন।
এদিকে জাল ভোট প্রদান, ভোটে কারচুপি, বিভিন্ন অনিয়ম এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াত।
জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেইজে জরুরি ঘোষণা শিরোনামে এক পোস্টে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে দুটি সংসদীয় আসনে।
