আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ অন্য আরো কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠনের এক মাস পার হলেও এখনো তাজুল ইসলামের সঙ্গে কথা বলতে পারেনি বর্তমান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দ্রুতই তাজুল ইসলামকে ডাকা হবে জানালেও তিনি দেশে আছেন কি তা নিশ্চিত নন আমিনুল ইসলাম। গত পরশু একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে তিনি বলেছেন “ তাজুল ইসলামের কাছ থেকে সার্বিক একটি বক্তব্য নেওয়া হবে, যেহেতু তিনি প্রসিকিউশনের প্রধান ছিলেন। তাজুল ইসলাম সম্ভবত দেশে নেই। তিনি এলে নেওয়া হবে।” ( প্রথম আলো ১৫ এপ্রিল )
জুলাই গণ–অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। বিষয়টি নিয়ে ১০ মার্চ প্রথম আলো ও নেত্র নিউজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এ ছাড়া প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের কক্ষে একজন আসামির স্ত্রী ভারী ব্যাগ নিয়ে গিয়েছিলেন এবং ওই আসামি রাজসাক্ষী হিসেবে মামলায় খালাস পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন আরেকজন প্রসিকিউটর। এসব ঘটনাসহ কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১০ মার্চ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, সাইমুম রেজা তালুকদার আগেই টেলিফোনে এ বিষয়ে কথা বলার কথা স্বীকার করেছেন। তাঁকে আবারও ডেকেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। চলতি মাসেই কমিটি প্রতিবেদন দাখিল করবে বলে আশা করছেন তিনি।
