১৯৭১ সালের আজকের এই দিনে ( ১৭ এপ্রিল ) মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ গ্রহণ করেছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হলেও, এ বছর সরকারিভাবে কোনো কেন্দ্রীয় বা স্থানীয় কর্মসূচি গ্রহণ করা হয়নি।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালায় মুজিবনগরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনায় । নষ্ট করা হয় অনেক স্মৃতিস্মারক। বেশকিছু ভাস্কয ক্ষতিগ্রস্থ করা হলেও আজও সেগুলো মেরামত করা হয়নি। মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সরকারি পর্যায়ে কোনো বিশেষ নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হচ্ছে না।

তবে সরকারি আয়োজন না থাকলেও মুক্তিযুদ্ধের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোলেনি স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা। আজ শুক্রবার সকাল ৯টায় মেহেরপুর জেলা ও মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খাঁন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেলা সভাপতি মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, যে ঐতিহাসিক স্থান থেকে বাংলাদেশের প্রথম সরকার যাত্রা শুরু করেছিল, সেখানে সরকারি কর্মসূচির অনুপস্থিতি কাম্য নয়। তবে তারা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।
দিবসটি উপলক্ষে বিকেলেও নানা কর্মসূচি রয়েছে। ঢাকা থেকে আগত ‘নাগরিক সমাজ’ নামক একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি বিশেষ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি দিয়েছে।
