পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ আজ, ৯’টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ

আজ প্রার্থীদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী , ফিরহাদ হাকিম,রূপা গাঙ্গুলী,মীনাক্ষী মুখোপাধ্যায় প্রমুখ

6

 

 

- Advertisement -

- Advertisement -

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ আজ। এই দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভাগ্যনির্ধারণ হবে প্রার্থীদের।শেষ দফায় প্রার্থী সংখ্যার ১৪৪৮।মহিলা প্রার্থীর সংখ্যা ২২০ জন। মোট ভোটার ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন । সকাল ৭ টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সকাল ৯’টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ১৪২ টি আসনের ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ।

ভোট নেওয়া হবে নদিয়া জেলার (১৭), উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), কলকাতা (১১), হাওড়া (১৬), হুগলি (১৮), পূর্ব বর্ধমান (১৬) আসনে।দ্বিতীয় দফায় রাজ্যের মোট বুথের সংখ্যা- ৪১ হাজার একটি। এর মধ্যে প্রধান বুথ- ৩৯ হাজার ৩০১ টি। সহায়ক বুথ প্রায় ১৭ শ’।

নির্বাচনী লড়াইয়ের ময়দানে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি, কংগ্রেস, সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট জোট, আইএসএফ, আম জনতা উন্নয়ন পার্টির মতো দলগুলি। যদিও বেশিরভাগ আসনেই মূল লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী (ভবানীপুর), মন্ত্রী ও কলকাতার মেয়র ও ফিরহাদ হাকিম (কলকাতা বন্দর), মন্ত্রী অরূপ বিশ্বাস (টালিগঞ্জ), মন্ত্রী ইন্দ্রনীল সেন (চন্দননগর), অভিনেত্রী রূপা গাঙ্গুলী (সোনারপুর দক্ষিণ), রুদ্রনীল ঘোষ (শ্যামপুর), হিরন্ময় চ্যাটার্জি, পাপিয়া অধিকারী (টালিগঞ্জ), কলতান দাশগুপ্ত (পানিহাটি), মীনাক্ষী মুখোপাধ্যায় (উত্তরপাড়া) , দিপ্সিতা ধর (দমদম উত্তর)।সহ একাধিক বিধায়ক ও সমাজের বিভিন্ন পেশাপশির বিশিষ্ট ব্যক্তিরা। এই দফায় ভাগ্য নির্ধারণ হবে ভাঙ্গড় বিধানসভা আসনের আইএসএফ প্রার্থী পীরজাদা নওশাদ সিদ্দিকী’র।

নির্বাচন শান্তিপূর্ণ করতে মোট ২৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে এরমধ্যে সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনা থাকছে ৫০৭ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনায় ৪০৯ কোম্পানি।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছে ৩৮ হাজার ২৯৭ রাজ্য পুলিশও। নিউটাউনে রয়েছে স্পেশাল কন্ট্রোল রুম। এছাড়াও সতর্কতামূলকভাবে ৪৮ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় ১৭০০জন দাগি অপরাধীকে।
নির্বাচনের কারণে সিল করে দেয়া হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত।

দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের যে ১৪২ টি আসনে ভোট নেওয়া হচ্ছে, ২০২১ সালের নির্বাচনে এই ১৪২ টি আসনের মধ্যে ১২৩ আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি জয় পেয়েছিল ১৮ আসনে। ১টি মাত্র আসনে জয় পেয়েছিল আইএসএফ। নির্বাচন পূর্ববর্তী জরিপ বলছে চলমান বিধানসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।

এরআগে রাজ্যে প্রথম দফার নির্বাচনে গত ২৩শে এপ্রিল রেকর্ড ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় নির্বাচন ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ ভোটারদের বুথে আনার। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ওইদিন আসাম, কেরালা, তামিললাড়ু এবং পুদুচেরি- ভারতের এই চার রাজ্যের ভোটের ফলাফলও ঘোষিত হবে।

You might also like