তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কি যুক্ত হবেন বিএনপির রাজনীতিতে ?

ফেসবুকে লিখেছেন সাংবাদিক নওশাদ জামিল

26
একদম শুরুতে বলি, ব্যক্তিগত পর্যবেক্ষণ, শিগগিরই সরাসরি রাজনীতিতে যুক্ত হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। রাজনৈতিক বিভিন্ন বাস্তবতা, খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা, তারেক রহমানের দেশের ফেরার অশ্চিয়তার মধ্যে বিএনপির রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেন ডা. জুবাইদা।
- Advertisement -

- Advertisement -

এ ব্যাপারটা ব্যাখ্যা করে বলি। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটি যখন ভয়াবহ অনিশ্চয়তা, বিভক্তি ও ভাঙনের মুখে পড়েছিল, তখন কঠিন সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করেছিলেন খালেদা জিয়া। তিনি দলকে পুনর্গঠিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে অভ্যুত্থানের প্রেক্ষিতে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। খালেদা জিয়া গুরুতর অসুস্থ আজ। সবার মতো আমিও তার সুস্থতা কামনা করি। তবে বাস্তবতা হলো, তিনি হয়তো আর আগের মতো সক্রিয়ভাবে দল পরিচালনা করতে পারবেন না। এ অবস্থায় তার দায়িত্ব কে পালন করবেন?
এ প্রশ্নটি অনেকের কাছে সরল মনে হতে পারে। উত্তরে সবাই বলবেন, অবশ্যই তারেক রহমান। তিনি ছাড়া তো বিএনপির নেতৃত্বের বিকল্প নেই। তাদের উত্তরের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারেক রহমান কি খালেদা জিয়ার মতো বিএনপিকে ফের চাঙা করতে পারবেন? ঐক্যবদ্ধ রাখতে পারবেন? আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে পারবেন?
এ প্রশ্নের জবাবে অনেকেই বলবেন, হ্যাঁ, অবশ্যই পারবেন। আমিও বিশ্বাস করি তারেক রহমান হয়তো পারবেন, তার সক্ষমতা আছে, রাজনৈতিক বোধ আছে, দলের প্রতি দায়বদ্ধতাও আছে। তবে কিছু জটিলতাও আছে, সেটার অন্যতম হলো অবস্থানগত অসুবিধা। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির নানা কর্মী অপরাধে জড়িয়ে পড়েছেন, অনেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় ১০ হাজার নেতাকর্মীকে শাস্তি দিতে হয়েছে। এ অবস্থায় লন্ডন থেকে তিনি কি সঠিকভাবে নেতৃত্ব দিতে পেরেছেন?
খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তারেক রহমান লন্ডনে, তিনি নির্বাচনের আগে দেশে ফিরতে পারবেন কিনা তার সঠিক কোনো জবাব নেই। বিভিন্ন কারণে তারেক রহমান যদি নির্বাচনের আগে দেশে ফিরতে না পারেন, নাগরিকত্বসংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনে দাঁড়াতে না পারেন, তাহলে বিএনপি সাংগঠনিকভাবে বিপদে পড়তে পারে। বিএনপি নির্বাচনে জয়ী হবেন, তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন, এ স্বপ্ন দেখছেন বিএনপির সব নেতাকর্মী। মাঝেমধ্যে মনে হয়, নির্বাচনে পরাজিত হলে বিএনপি কঠিন বাস্তবতায় পড়তে পারে। দলের ভাঙনের আশঙ্কাও বেড়ে যেতে পারে। রাজনীতির বিভিন্ন শঙ্কা তো উড়িয়ে দেওয়া সম্ভব নয়।
ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলতে পারি, তারেক রহমান যদি নির্বাচনের আগে দেশে ফিরতে না পারেন, তাহলে জিয়া পরিবার থেকে কেউ হাল ধরবেন। নির্বাচনের আগে যদি তারেক রহমান দেশে ফিরতে না পারেন, তাহলে সরাসরি রাজনীতিতে যুক্ত হতে পারেন ডা. জুবাইদা রহমান।
এখন অনেকে বলবেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সেখানে তো ডা. জুবাইদার নাম নেই। তিনি তাহলে কীভাবে রাজনীতিতে যুক্ত হবেন, কীভাবে নির্বাচন করবেন? ব্যক্তিগত অভিমত, মনোনয়ন দাখিল যেহেতু চূড়ান্ত হয়নি, সেহেতু নির্বাচন করার সম্ভাবনা আছে তার। বিএনপির হাইকমান্ড যদি চায়, তবে ডা. জুবাইদা রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো সমস্যা নেই।
ডা. জুবাইদা রহমান পরিচ্ছন্ন ও মেধাবী ব্যক্তিত্ব। রাজনীতিতে যদি তিনি যুক্ত হন, তা বিএনপির জন্য অবশ্যই ইতিবাচক হতে পারে। দেশের ভেতর জিয়া পরিবারের মধ্য থেকে কেন্দ্রীয় নেতার অভাবে দীর্ঘদিন বিএনপির মধ্যে একটা নৈতিক শূন্যতা ছিল, সেটি তিনি অনেকাংশেই পূরণ করতে পারবেন মনে হয়।
রাজনীতি তো ডা. জুবাইদার রক্তেই আছে, পরিবারেও আছে। তার প্রয়াত বাবা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খান ১৯৭৮ সালের ৪ নভেম্বর থেকে ১৯৮৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের অধীনে যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানী ছিলেন তার চাচা। তার বাবা–চাচা রাজনীতি করেছেন, বিভিন্ন সময় দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তার শ্বশুর পরিবারের সবাই যুক্ত আছেন রাজনীতির সঙ্গে। যার ফলে তিনিও রাজনীতিতে যুক্ত হবেন, এটা ভাবা অবান্তর নয়।
অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক হাবভাব এখনও স্পষ্ট নয়। নির্বাচন কবে হবে, তারেক রহমান আদৌ দেশে ফিরতে পারবেন কিনা, এ দুটি প্রশ্ন আজও অনিশ্চিত মনে হয়। এ অবস্থায় যদি কেউ বিকল্প নেতৃত্বের সম্ভাবনা হিসেবে জুবাইদা রহমানের কথা ভাবেন, আমি বলব, এটি কোনো ভুল ভাবনা নয়।
You might also like