” নতুন করে যারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন, তাঁদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। “
কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করে বলেছেন ডিএমপি কমিশনার
কারওয়ান বাজার এলাকায় নতুন পুলিশ ক্যাম্প হয়েছে কারওয়ান বাজার এলাকার অপরাধ শূন্যের পর্যায়ে নামিয়ে আনার জন্য। এ জন্য সার্বক্ষিণক পুলিশের সদস্যরা কাজ করবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরাও গোপনে বা প্রকাশ্যে এসে অভিযোগ করলে থানায় মামলা হবে। প্রাথমিকভাবে এখানে অভিযোগ দেওয়া যাবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য ক্যাম্পের পরিধি বাড়ানো হয়েছে। ক্যাম্পে পুলিশের সদস্যও বাড়ানো হয়েছে।
একটা ক্যাম্প দিয়ে কারওয়ান বাজারে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, নতুন পুলিশ ক্যাম্পকে প্রতীক হিসেবে দেখা হলেও ডিএমপি এলাকাজুড়ে সমন্বিতভাবে কাজ করবে। ডিবি, ক্রাইম বিভাগ, সিটিটিসিসহ অন্যান্য ইউনিটও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে। আজ শনিবার ( ২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন। অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘চাঁদাবাজ যে ধরনেরই হোক না কেন, আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজি ও মাদক বন্ধে এই ক্যাম্পে সার্বক্ষণিক ২০ জনের বেশি পুলিশের সদস্য দায়িত্ব পালন করবেন। তাঁরা ব্যবস্থা নেবেন। প্রায়ই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।’
শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, ‘শীর্ষ সন্ত্রাসী এখন তেমন নেই। যাঁরা আছেন, তাঁরা আগের সন্ত্রাসীদের সহযোগী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন। তাঁদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
