পীরের আস্তানায় হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা , কুষ্ঠিয়ায় তান্ডব

14

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলায় মাজারের কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর নিহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পলিশ জানিয়েছে, বেলা আড়াইটার দিকে একদল বিক্ষুব্ধ জনতা স্থানীয় ‘শামীম বাবার দরবার শরিফে’ হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার জের ধরে এই উত্তেজনা সৃষ্টি হয়। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আস্তানায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পর সেখানে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা মাজারের প্রধান শামীম রেজাকে লক্ষ্য করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো কি না বা কারা এটি নতুন করে ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ| এর আগে ২০২১ সালেও ধর্ম অবমাননার অভিযোগে শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুরোনো ভিডিওকে কেন্দ্র করে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের দাবি, উস্কানিদাতাদের দ্রুত শনাক্ত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

- Advertisement -

- Advertisement -

You might also like