জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে আলোচিত অনেকেই মনোনয়ন পাননি । গত কয়েকদিনে নারী আসনে যাদের নাম আলোচনায় ছিল তাদের মধ্যে যেমন ছিলেন মাঠের রাজনীতিক,সাবেক এমপি এবং শো-বিজের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী,গায়িকা-নায়িকা।

এদর মধ্যে সবচেয়ে আলোচনায় ছিলেন কনকচাপা, দলের অফিসের সামনে তাকে নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে । আরো যারা আলোচনায় ছিলেন তাদের মধ্যে রয়েছেন– সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত নাসির উদ্দীন পুন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, সালাহ উদ্দিন আহমদ এর স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার, মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সামিরা তাজরিন ও মাহরীন খান।

এদিকে মনোনয়ন চেয়েও না পেয়ে আরেক চমক দেখালেন অভিনেত্রী চমক । কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কিন্তু বিএনপির ঘোষিত ৩৬ জনের তালিকায় জায়গা পাননি তিনি। সেই আসনে মনোনয়ন পেয়েছেন ফরিদা ইয়াসমিন। এ বিষয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন চমক।
ওই পোস্টে চমক লিখেছেন, ‘কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত হওয়ার জন্য ফরিদা ইয়াসমিন আপাকে জানাই অনেক অনেক অভিনন্দন। আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’


পরিচিত মুখ হিসেবে এই কয়েকজন মোটামুটি আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত বাছাইয়ে তারা বাদ পড়েছেন। এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে মোট ১ হাজার ২৫টি। তবে, জমা দিয়েছেন প্রায় ৯০০ জন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়।
