বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম , প্রভাব খাটিয়েছিলেন আসিফ মাহমুদ ও আমিনুল বুলবুল
তামিম ইকবালের অ্যাডহক কমিটি তিন মাস বিসিবি পরিচালনা ও নির্বাচন আয়োজন করবে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল আহসান।

সংবাদ সম্মেলনে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমিনুল আহসান। সেখানে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আমিনুল আহসান বলেছেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের বেশ কিছু প্রমাণ উঠে এসেছে। এ ছাড়া বিসিবি সভাপতি বুলবুলও দায়িত্বের বাইরে প্রভাব খাটিয়েছেন বলে উল্লেখ আছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে।তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশে ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়।
তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটি আগামী তিন মাস বিসিবি পরিচালনা করবে এবং নির্বাচন আয়োজন করবে।
এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫ হাজার ২৪৯ রান রয়েছে তামিমের। টেস্ট ক্রিকেটে তিনি ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান করেছেন, যেখানে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস ২০৬ রান।
ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে ৮,৩৫৭ রান করেছেন, যেখানে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ ইনিংস ১৫৮ রান। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭৮ ম্যাচে ১,৭৫৮ রান করেছেন, যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০৩ রান। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট ২৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।
