ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে আমেরিকার বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তিনি সেখানে গিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। আসিম মুনির দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আসিম মুনিরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি ওয়াশিংটনের একটি বিশেষ বার্তা বহন করছে। তাঁরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করবেন এবং দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথা বলবেন।
তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহেই ইসলামাবাদে ইরান ও আমেরিকা সরাসরি আলোচনা করে। তবে সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, দুই দেশের মধ্যে আবারও আলোচনা শুরু হতে পারে। এমন কূটনৈতিক তৎপরতার মধ্যেই আসিম মুনিরের তেহরান সফরের খবর এল।
এদিকে বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
