ভারত-পাকিস্তানসহ ৪০ দেশকে ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা , সুখবর নেই বাংলাদেশের জন্য

17

 

 

- Advertisement -

- Advertisement -

পর্যটন খাতকে আরও চাঙ্গা এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে (ফ্রি) ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু করেছে শ্রীলঙ্কা। ২৫ মে থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ এই তালিকায় জায়গা পেলেও, বড় এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশের নাগরিকরা।

শ্রীলঙ্কা সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন এই সুবিধার আওতায় নির্দিষ্ট ৪০টি দেশের নাগরিকরা ৩০ দিনের জন্য বিনামূল্যে শ্রীলঙ্কায় ভ্রমণের সুযোগ পাবেন। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার আওতায় পর্যটকরা এই ‘অন-অ্যারাইভাল ফ্রি ভিসা’ পাবেন। তবে দেশটিতে পৌঁছানোর আগে অবশ্যই অনলাইনে ইটিএ (ETA) অনুমোদন নিতে হবে। এই ভিসার মাধ্যমে ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ দুইবার শ্রীলঙ্কায় প্রবেশ করা যাবে।

ঘোষিত তালিকা অনুযায়ী ফ্রি ভিসার সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে—ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, রাশিয়া, স্পেন, থাইল্যান্ড এবং তুরস্কসহ মোট ৪০টি দেশ। তালিকায় দক্ষিণ এশিয়ার প্রধান দেশগুলো অন্তর্ভুক্ত থাকলেও সেখানে বাংলাদেশের নাম নেই।

ফলে বাংলাদেশি পর্যটকদের আগের নিয়মেই ফি দিয়ে ভিসা সংগ্রহ করে শ্রীলঙ্কা ভ্রমণ করতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারি ও অর্থনৈতিক মন্দার ধাক্কা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা সরকার পর্যটন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো নিজেদের পর্যটন খাতকে আরও গতিশীল করতেই কলম্বো এই ফ্রি ভিসা নীতি কার্যকর করেছে বলে জানা গেছে।

You might also like