গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া রহস্যের অবসান ঘটেছে। তদন্তে জানা গেছে, তিনি অপহৃত হননি; বর্তমানে নিরাপত্তাজনিত কারণে পুলিশ হেফাজতে আছেন।
সোমবার (২৭ অক্টোবর) রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বেচ্ছায় বাসায় না ফেরার কারণ স্বীকার করেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কর্মকর্তা, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান— শুরুতে অভিযোগ ওঠে, ইমাম মহিবুল্লাহকে ইসকন সংগঠনের সদস্যরা অপহরণ করেছে। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের টিকিট কেটে নিজেই পঞ্চগড় গিয়েছিলেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এ ঘটনায় ইমাম মহিবুল্লাহর সহযাত্রী ও বাসের সুপারভাইজারকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
